Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

অভিনব কায়দায় নবজাতক চুরি, স্বামী-স্ত্রী আটক

admin • 11 Aug 2026, 10:29 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
অভিনব কায়দায় নবজাতক চুরি, স্বামী-স্ত্রী আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রসূতি সেজে অভিনব কৌশলে নবজাতক শিশু চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীকে আটক করেছে স্থানীয়রা। এ সময় চুরি হওয়া শিশুটিকেও উদ্ধার করা হয়। সোমবার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন উপজেলার ফাঁসিতলা গ্রামের মৃত ভোলা মিয়ার ছেলে সিরাজুল ইসলাম ও তার স্ত্রী শিফালী বেগম। পরে তাদের গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

জানা গেছে, উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী রুপালী বেগম সন্তান প্রসবের জন্য সকালে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। প্রসবের পর শিশুটিকে কোলে নিয়ে ঘোরাফেরা করছিলেন তার দাদি জয়গুন বেওয়া।

এ সময় পাশের বেডে থাকা শিফালী বেগম প্রসূতি সেজে শিশুটিকে কোলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। সরল বিশ্বাসে জয়গুন বেওয়া তার হাতে শিশুটি তুলে দেন। কিছুক্ষণ শিশুটিকে কোলে নিয়ে থাকার পর সুযোগ বুঝে শিফালী বেগম ও তার স্বামী সিরাজুল ইসলাম শিশুটিকে নিয়ে হাসপাতালের নিচে নেমে পালানোর চেষ্টা করেন।

পরে জয়গুন বেওয়া ফিরে এসে শিশুকে না পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ও নিরাপত্তাকর্মীরা দ্রুত নিচে নেমে অভিযুক্তদের ধাওয়া করে। এতে শিশুসহ শিফালী বেগম ও তার স্বামীকে আটক করা সম্ভব হলেও চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দম্পতিকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা একটি শিশু পাচারকারী চক্রের সদস্য। এ সময় প্রসূতি সেজে থাকার জন্য শিফালী বেগমের পেট ও কোমরে কাপড় বেঁধে রাখার বিষয়টিও ধরা পড়ে।

এ ঘটনায় আটক দম্পতির বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

নবজাতকের মা রুপালী বেগম বলেন, আল্লাহর রহমতে তার সন্তানকে সুস্থভাবে ফিরে পেয়েছেন।

গোবিন্দগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা স্বপন কুমার সরকার জানান, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।