ঢাকার সাভারের গেন্ডা বাজার বাসস্ট্যান্ড এলাকায় একটি কাপড়ের দোকানে এসির বিস্ফোরণ হয়েছে। এতে মো. ইউসুফ খান (৪০) ও মো. নাহিদ কাউসার (৪৪) নামে দুজন দগ্ধ হয়েছে।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে সাভারের গেন্ডা বাজার বাসস্ট্যান্ডের একটি কাপড়ের দোকানে এই ঘটনা ঘটে। এতে এই দুজন দগ্ধ হলে রাত সাড়ে ১১টার দিকে তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধদের স্বজনরা জানায়, ইউসুফ মানিকগঞ্জের সিংগাইর থানার মো. ইদ্রিস খানের ছেলে। বর্তমানে ইউসুফ ও নাহিদ সাভারের তালবাগ রাজাবাড়ি এলাকায় বসবাস করে।
তাঁদের হাসপাতালে নিয়ে আসা বন্ধু মাসুদ রানা বলেন, ‘আজ রাতের দিকে ইউসুফ তাঁর বন্ধু নাহিদকে নিয়ে গেন্ডা বাজারে ‘‘আদ্রিতা ফ্যাশন’’ নামে নিজের কাপড়ের দোকানে বসে গল্প করছিল। হঠাৎ বিকট শব্দে ইউসুফের কাপড়ের দোকানের এসি বিস্ফোরিত হয়। এতে ইউসুফ ও নাহিদ দগ্ধ হলে দ্রুত তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১১টার দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের নিয়ে আসা হয়।’
বিষয়টি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম নিশ্চিত করেছেন। ডা. তরিকুল বলেন, ‘আজ রাতের দিকে সাভার থেকে দগ্ধ অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসার ব্যবস্থা করা হয়। তাঁদের ড্রেসিং সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দগ্ধের পরিমাণ জানা সম্ভব হচ্ছে না। বর্তমানে তাঁদের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’





