Saturday, 7 November 2026
শিরোনাম
জাতীয়

৪০ দিনে হাতে লেখা কুরআন প্রধানমন্ত্রীকে উপহার দিল ৯ বছরের অরিনা

• • পঠিত 0 বার
শেয়ার করুন:
৪০ দিনে হাতে লেখা কুরআন প্রধানমন্ত্রীকে উপহার দিল ৯ বছরের অরিনা
ছবি সংগৃহিত

মাত্র ৯ বছর বয়সে ৪০ দিনের পরিশ্রমে পবিত্র কুরআন শরিফের সম্পূর্ণ অংশ হাতে লিখেছিল অরিনা সাফা খান। নিজের জীবনের অন্যতম সেরা কাজ মনে করা সেই কুরআনই এবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার দিয়েছে পঞ্চম শ্রেণির এই শিক্ষার্থী। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে নিজের হাতে লেখা কুরআন শরিফটি তাকে উপহার দেয়ার সিদ্ধান্ত নেয় অরিনা।

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে অরিনা। এ সময় তার হাতে লেখা কুরআন শরিফটি সাদরে গ্রহণ করেন প্রধানমন্ত্রী। পরে একই দিন স্টেডিয়ামে চ্যানেল টোয়েন্টিফোরকে দেয়া একান্ত সাক্ষাৎকারে নিজের এই অভিজ্ঞতা ও কুরআন লেখার গল্প জানায় অরিনা।

 

অরিনা সাফা খানের বাড়ি খুলনার মুজগুন্নী এলাকায়, আরাফাত মসজিদসংলগ্ন সড়কে খোকন মুন্সীর বাড়িতে। বাবা শুকুর আলী খান ও মা রাশিদা বেগমের দুই সন্তানের একজন সে। চতুর্থ শ্রেণিতে পড়ার সময়, মাত্র ৯ বছর বয়সে কুরআন শরিফটি লেখা শুরু করে অরিনা। প্রায় ৪০ দিনের মধ্যে পুরো কোরআন লেখা শেষ করে সে।

 

প্রধানমন্ত্রী খুলনায় আসবেন জানতে পেরে তাকে কী উপহার দেয়া যায়, তা নিয়ে ভাবতে থাকে অরিনা। একপর্যায়ে সিদ্ধান্ত নেয়, নিজের হাতে লেখা কুরআন শরিফটিই উপহার দেবে। কারণ, তার কাছে এটি শুধু একটি উপহার নয়, বরং জীবনের অন্যতম সেরা কাজ।

 

শুক্রবার (৬ নভেম্বর) অরিনা বলেন , ‘আমি যে কুরআন শরিফটি হাতে লিখেছি, সেটিই প্রধানমন্ত্রীকে উপহার দেয়ার কথা ভাবলাম। পরে না হয় আমি আবার একটি লিখে নিতে পারব।’

 

 

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা জানাতে গিয়ে অরিনা বলে, শুরুতে কিছুটা নার্ভাস লাগছিল, ভয়ও করছিল। তবে প্রধানমন্ত্রী আপনজনের মতো আন্তরিকভাবে কথা বলায় তার সেই অস্বস্তি কেটে যায়। অরিনা বলে, ‘আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে আমার।’

 

জানা যায়, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, খুলনার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অরিনা পড়াশোনার পাশাপাশি শিশু শিল্পী হিসেবেও পরিচিত। ইসলামি সংগীত পরিবেশন করে সে। তার প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন খালিশপুরের কনটেন্ট ক্রিয়েটর নাঈম হাসান।

 

মাত্র ৯ বছর বয়সে এমন ব্যতিক্রমী উদ্যোগ নেয়া অরিনার কাছে কুরআন লেখার অভিজ্ঞতা যেমন স্মরণীয়, তেমনি নিজের হাতে লেখা সেই কুরআন দেশের প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পারাও তার জীবনের বিশেষ এক মুহূর্ত হয়ে থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।