Saturday, 7 November 2026
শিরোনাম
সারা দেশ

করিমগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

• • পঠিত 18 বার
শেয়ার করুন:
করিমগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কিশোরগঞ্জের করিমগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) করিমগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের মাননীয় সংসদ সদস্য ডক্টর এম. ওসমান ফারুক।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সহ স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। 

 

বিশেষ অতিথির বক্তব্যে করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খান বলেন, একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে সবাইকে দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 

 

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবসের তাৎপর্য উপলব্ধি করে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা, ঐক্য ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হওয়া প্রয়োজন। দেশের উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং একটি সুন্দর, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি করিমগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন। 

 

 

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডক্টর এম. ওসমান ফারুক জাতীয় ঐক্য, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

 

 

 বক্তারা আরও বলেন, দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সহযোগিতার মনোভাব গড়ে তোলা জরুরি। আলোচনা সভার মধ্য দিয়ে ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।