রাজধানীর সাঁতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খৎনার জন্য অজ্ঞান করা শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. মাঈনুল আহসান এ তথ্যটি নিশ্চিত করেছেন।
ডা. মাঈনুল আহসান জানান, মুগদা জেনারেল হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধানের নেতৃত্ব ৪ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে মুগদা হাসপাতালের এনেসথেসিয়া বিভাগের একজন বিশেষজ্ঞ, মুগদা হাসপাতালের একজন সহকারী পরিচালক, এবং স্বাস্থ্য অধিদপ্তরের একজন সহকারী পরিচালক রয়েছেন। কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
গত ৩১ ডিসেম্বর সাঁতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খৎনা করানোর জন্য আনা হয় আয়ানকে। সেদিন বেলা ৯ টায় খৎনা করার জন্য তাকে পুরোপুরি অজ্ঞান করা হয়।
খৎনা করার পর ১১ টায়ও জ্ঞান না ফিরলে গুলশানের ইউনাইটেড হাসপাতালে এনে লাইফসাপোর্টে রাখা হয় আয়ানকে। রোববার রাত ১১টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।
আয়ানের বয়স পাঁচ বছর নয় মাস। তাদের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া এলাকায়।





