খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. এস এম ফিরোজের ব্যাগ থেকে চুরি করা ৮ লাখ ৯৫ হাজার টাকাসহ এক চোরকে আটক করেছে পুলিশ।
রোববার (৩১ মার্চ) সকালে দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে নগরীর হরিণটানা থানা পুলিশ। আটক মো. টিটন খান দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রামের মো. হারুন খানের ছেলে।
পুলিশ জানায়, ড. ফিরোজ গত ১২ মার্চ দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অবস্থিত অগ্রণী ব্যাংক থেকে ৮ লাখ ৯৫ হাজার টাকা উত্তোলন করেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের ২নং একাডেমি ভবনে তার নিজস্ব কক্ষে গিয়ে টাকার ব্যাগ চেয়ারের উপরে রেখে কক্ষের বাইরে করিডরে ওজু করতে যান। অল্প কিছু সময় পর আতঙ্কিত হয়ে দ্রুত ব্যাগের কাছে গিয়ে ব্যাগের চেন খোলা অবস্থায় পান। এরপর দেখেন ব্যাগে রাখা টাকা গায়েব হয়ে গেছে।
তিনি দ্রুত বিশ্ববিদ্যালয়ের ক্লোজ সার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজ দেখতে যান। সেখানে তিনি ফুটেজে দেখতে পান যে, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি কিছু একটা নিয়ে দৌড়ে মেইন গেট দিয়ে পালিয়ে যাচ্ছে। তিনি দিশেহারা অবস্থায় আশেপাশে খোঁজ করতে থাকেন। কিন্তু কূলকিনারা না পেয়ে ১৩ মার্চ হরিণটানা থানায় মামলা করেন।
হরিণটানা থানা পুলিশ ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভ্যাসগত ও পেশাদার চোর চক্রের তথ্য সংগ্রহ করে। তারা ভিডিও ফুটেজের সঙ্গে একজন ব্যক্তির মিল পেয়ে দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রামে স্থানীয় থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে টিটন খানকে টাকাসহ আটক করেন। আটক টিটনের বিরুদ্ধে চুরির অভিযোগে দিঘলিয়া থানায় দুটি, পাইকগাছা ও রামপাল থানায় একটি করে মামলা রয়েছে।





