Saturday, 17 October 2026
শিরোনাম
দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালে জিয়া-খালেদাকে নিয়ে লেখা তিন বই কেনার নির্দেশ ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে উপহাস করলেন ডোনাল্ড ট্রাম্প শারদীয় দুর্গোৎসবে এবার দুই দিন থাকছে সপ্তমী তিথি জামালপুরের লাউচাপড়ায় কর্মসংস্থানের সুযোগ হবে হাজারো তরুণের: বিমান ও পর্যটনমন্ত্রী ধর্ম যার যার, রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকারও সবার: প্রধানমন্ত্রী জামালপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাউলসম্রাট লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ কক্সবাজারে রিসোর্টে আগুন, ৬ পর্যটকের মৃত্যু বগুড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সারা দেশ

শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে রাষ্ট্রপতির শুভেচ্ছা

• • পঠিত 1 বার
শেয়ার করুন:
শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে রাষ্ট্রপতির শুভেচ্ছা
ছবি সংগৃহিত

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত বাংলাদেশের সব হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ১৬ অক্টোবর শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।

 

বাণীতে রাষ্ট্রপতি বলেন, সরকার অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের মতো সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ের পরিচালনা, সংস্কার এবং উন্নয়নে সহায়তা দিয়ে যাচ্ছে। পুরোহিতদের মাসিক সম্মানী ভাতা প্রদানের পাশাপাশি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। একই সঙ্গে ধর্মীয় কল্যাণমূলক অনুদান ও ব্যবস্থাপনায় কার্যকর এবং সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

তিনি বলেন, দুর্গাপূজা বাংলাভাষী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। শরতের নির্মল আকাশ, শুভ্র কাশফুল ও উৎসবমুখর পরিবেশে প্রতিবছর দেবী দুর্গার আগমন ভক্তদের হৃদয়ে নতুন আশা ও কল্যাণের প্রত্যয় জাগিয়ে তোলে। দুর্গোৎসবের অন্তর্নিহিত বাণী হলো অশুভ শক্তির বিনাশ এবং সত্য, সুন্দর ও কল্যাণের জয়। অন্যায়, অসত্য ও অমানবিকতার বিরুদ্ধে ন্যায় ও মানবতার চিরন্তন আহ্বান।

 

রাষ্ট্রপতি আরও বলেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আবহমানকাল ধরে উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন করে আসছে। এটি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য উদাহরণ। দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এর সঙ্গে মিশে আছে বাংলার চিরায়ত সমাজ, সংস্কৃতি ও ঐতিহ্য।

 

তিনি বলেন, এ উৎসব সমাজের সব স্তরের মানুষকে সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে। এর মাধ্যমে মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়। শারদীয় দুর্গোৎসব সত্য ও সুন্দরের আলোয় উদ্ভাসিত হোক এবং ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হোক বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

 

রাষ্ট্রপতি বলেন, হিন্দু ধর্মাবলম্বীসহ দেশের সব ধর্মীয় সম্প্রদায় যেন নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান নির্ভয়ে, স্বাধীনভাবে, নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে পালন করতে পারেন, সে লক্ষ্যে কাজ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

 

তিনি আরও বলেন, প্রতিটি ধর্মই মানুষকে সত্য, ন্যায়, সংযম ও মানবকল্যাণের শিক্ষা দেয়। অন্যায় ও অসত্য থেকে দূরে রেখে মুক্তির পথ দেখায়। তাই সবাইকে নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি মানবতার কল্যাণে নিবেদিত হওয়ার আহ্বান জানান তিনি।

 

রাষ্ট্রপতি বলেন, ধর্ম, বর্ণ কিংবা সাম্প্রদায়িক পরিচয়ের কারণে কোনো মানুষ যেন বৈষম্য, বঞ্চনা বা নিরাপত্তাহীনতার শিকার না হন, তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের পাশাপাশি সবার। শারদীয় দুর্গোৎসবের আনন্দ সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যেও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

 

বাণীতে রাষ্ট্রপতি আরও বলেন, শারদীয় দুর্গোৎসব হিন্দু সম্প্রদায়ের সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। সব ভেদাভেদ ভুলে মানবতা, ন্যায় ও কল্যাণের বার্তা ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক, এটাই তার একান্ত প্রত্যাশা।

সবশেষে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশে ও বিদেশে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন রাষ্ট্রপতি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।