বগুড়া মহিলা ডিগ্রি কলেজের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়া শহরের মালতিনগরে এসপি ব্রিজসংলগ্ন বগুড়া মহিলা ডিগ্রি কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে প্রধান অতিথি হিসেবে নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন,
কলেজের অধ্যক্ষ মোকাব্বর হোসেন এবং পরিচালনা পর্ষদের সভাপতি কৃষিবিদ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনসহ কলেজের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নতুন ভবনটি নির্মিত হলে কলেজের শিক্ষা কার্যক্রমের অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে এবং শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।





