Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রাজবাড়ীতে বৃষ্টির আশায় বিশেষ নামাজ আদায়

admin • 22 Apr 2024, 04:59 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
রাজবাড়ীতে বৃষ্টির আশায় বিশেষ নামাজ আদায়

প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে জেলার ফসল। নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে পানির তীব্র সংকট। রোদ আর গরমে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাই বৃষ্টির আশায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিশেষ নামাজ (সালাতুল ইস্তিখারা) আদায় করেছেন এলাকাবাসী।

শহীদ নগর গ্রামবাসির আয়োজনে সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের শহীদ নগর ঈদগাহ মাঠে বিশেষ এ নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ এ নামাজে প্রায় ৩ শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন বহরপুর হাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি সাইফুল ইসলাম মুহাদ্দিস।

নামাজ পড়তে আসা মো. মফিজুল হক বলেন, ‘গতকাল মসজিদে মাইকিং করা হয়েছে। বৃষ্টির জন‍্য শহীদ নগর ঈদগাহ মাঠে সালাতুল ইস্তিখারা নামাজ আদায় করা হবে। এ জন‍্য আমিসহ অনেকেই এখানে এসেছি। আল্লাহর কাছে বৃষ্টির জন‍্য কান্নাকাটি করবো। আল্লাহ্ ইচ্ছা করলে আমাদের বৃষ্টি দিবেন। কয়েক বছর আগে বৃষ্টির জন‍্য আমরা নামাজ আদায় করেছিলাম। এরপরই বৃষ্টি হয়েছিল’।

আরেক মুসল্লি খবিরুদ্দিন মোল্লা বলেন, ‘খরার কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বৃষ্টি না থাকার কারণে ফসল মরে যাচ্ছে। টিউবওয়েলে পানি উঠছে না। আমরা আজ এসেছি বৃষ্টির জন‍্য নামাজ আদায় করতে’।

বহরপুর হাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি সাইফুল ইসলাম মুহাদ্দিস বলেন, ‘দীর্ঘদিন ধরে বৃষ্টি নেই। ফলে ফসল নষ্ট হচ্ছে, সাধারণ মানুষের চলাফেরা, ইবাদত বন্দিগী করতেও সমস‍্যা হচ্ছে। যে কারণে আমরা আজ বৃষ্টির জন‍্য নামাজ আদায় করলাম। আল্লাহর কাছে চাওয়া তিনি আমাদের নামাজ কবুল করবেন এবং বৃষ্টি দিবেন’।

এদিকে সারা দেশে চলমান তাপপ্রবাহের কারণে আজ সোমবার থেকে আগামী বুধবার (২৪ এপ্রিল) পর্যন্ত হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে বাতাসে জলীয়বাষ্প বেশি থাকবে বলে গরমে অস্বস্তি বাড়বে। আজ সোমবার সংস্থাটি আবহাওয়াবিদ বজলুর রশীদ স্বাক্ষরিত এক তাপপ্রবাহের সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে।

এর আগে, শুক্রবার (১২ এপ্রিল) থেকে তিন দিনের তাপপ্রবাহের কারণে সারা দেশে হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অধিদপ্তর। আজ সকালে পূর্বে জারি অ্যালার্ট শেষ হওয়ার কথা ছিল। তবে চলমান তাপপ্রবাহের কারণে অধিদপ্তরটি আবার হিট অ্যালার্ট জারি করল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।