Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রাজধানীতে ‘হিট স্ট্রোকে’ রিকশাচালকের মৃত্যু

admin • 27 Apr 2024, 03:55 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রাজধানীতে ‘হিট স্ট্রোকে’ রিকশাচালকের মৃত্যু

রাজধানীর দোয়েল চত্বরে রিকশা চালানোর সময় অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে আব্দুস সালাম (৫৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। চিকিৎসকের ধারণা, অতিরিক্ত গরমে আব্দুস সালাম ‘হিট স্ট্রোকে’ মারা গেছেন।

আজ শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, আব্দুস সালাম টাঙ্গাইল সদরের নন্দবালা গ্রামের সটকা মন্ডলের ছেলে। বর্তমানে মানিক নগর কুমিল্লাপট্টি এলাকায় একটি মেসে ভাড়া থাকতেন। তাঁর দুই ছেলে এক মেয়ে আছে।

নিহতের ভাই মো. সাগর বলেন, ‘আমার ভাই পেশায় একজন রিকশাচালক ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে দোয়েল চত্বর এলাকায় অসুস্থ অবস্থায় রিকশা থেকে কাত হয়ে রাস্তায় পড়ে গেলে পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। এরপর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

সাগর আরও বলেন, ‘আমার ভাইয়ের মৃত্যুর কারণ জানতে চাইলে দায়িত্বরত চিকিৎসক জানান, প্রাথমিকভাবে তাঁরা ধারণা করছেন হিট স্ট্রোকে আলমগীর মারা গেছেন।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত গরমের কারণে আজ সকাল থেকে বেলা ২টা পর্যন্ত চারজনকে ঢামেক হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে শাহবাগ থানার দোয়েল চত্বর থেকে আসা আব্দুস সালামকে জরুরি বিভাগে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর তিনজনকে মেডিসিন ভবনে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রিকশাচালক আব্দুস সালামের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলে জানান বাচ্চু মিয়া। তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।