Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক আহত

admin • 15 Nov 2023, 07:07 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক আহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ভারতীয় বিএসএফ-এর গুলিতে সুপারি পাচারের সময় এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার বাগভান্ডার বিজিবি ক্যাম্পের আওতাধীন পূর্ব ভোটহাট সীমান্তে ওই ঘটনাটি ঘটে।

 

তার নাম আশরাফুল আলম (২৫)। তিনি ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের পূর্ব ভোটহাট গ্রামের আলী আকবরের ছেলে।

 

আশরাফুলসহ কয়েকজন মিলে অবৈধ পথে সুপারি পাচার করছিলেন বলে স্থানীয় একটি সূত্রে জানা গেছে। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে কয়েকজন যুবক পূর্ব ভোট সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৫৭ এর সাব পিলার ৪ এস ও ৫ এস এর মাঝামাঝি স্থানে অবৈধ পথে সুপারি পারাপার করছিলেন।

 

এ সময় ভারতের কালমাটি বিএসএফ ক‍্যাম্পের টহলরত বিএসএফ সদস্যদের ছোড়া রাবার বুলেটে আহত হন আশরাফুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত পৌনে ২ টার দিকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

   

ওই সময় ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. ফাতেমা আক্তার জানান, এক যুবক অসুস্থ অবস্থায় হাসপাতালে আসেন। তার শরীরে গুলির চিহ্ন দেখা গেছে। তবে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি চলে গেছেন।

   

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হওয়ার বিষয়টি শুনেছি। তবে এ অভিযোগ নিয়ে কেউ থানায় আসেনি।

 

এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবির পরিচালক লেঃ কর্নেল আহমেদ বজলুর রহমান জানান, ঘটনাটি আমরাও শুনেছি। কিন্তু আহত কাউকে পাওয়া যায়নি। খোঁজ নেয়া হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।