চট্টগ্রামে বিএনপির রোডমার্চে অংশ নেওয়া বাবার ছবি দেখে ক্ষোভে বিষ পান করা রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়ন ছাত্রলীগের নেতা নীরব ইমনকে (২২) দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে যান তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। আজ শুক্রবার বিকেলে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ইমনকে দেখতে যান।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অসুস্থ ছাত্রলীগ নেতার চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। যথাযথ চিকিৎসার জন্য ছাত্রলীগ নেতার বাবা মোহাম্মদ জহিরের হাতে আর্থিক সহায়তাও তুলে দেন তথ্যমন্ত্রী।
এর আগে বৃহস্পতিবার বিকেলে রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নের মালিরহাট এলাকার নিজ বসতঘরে বিষ পান করেন নীরব ইমন। তিনি পোমরা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তাঁর বাবা জহির ইউনিয়ন যুবদলের সহসভাপতি।
বৃহস্পতিবার ইমনের বাবা মোহাম্মদ জহির (৪৫) চট্টগ্রাম নগরে বিএনপির রোডমার্চ কর্মসূচিতে অংশ নেন, এ রকম একটি ছবি ইমনের মেসেঞ্জারে পাঠান তাঁর বন্ধুরা। বিএনপির রোডমার্চে তাঁর বাবার অংশ নেওয়া মেনে নিতে পারেননি ইমন। ক্ষুব্ধ ইমন বাড়িতে ছুটে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে রাগারাগি করেন এবং একপর্যায়ে বিষ পান করেন। তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়।
অসুস্থ ইমন আজ চমেক হাসপাতালের বিছানায় শুয়ে সাংবাদিকদের বলেন, ‘আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমার বাবাকে অনেকবার নিষেধ করেছি বিএনপি না করতে, তিনি শোনেননি। বাবা অন্য দলের রাজনীতি করবেন আর বন্ধুরা তা আমাকে দেখিয়ে দেবে, সেটা মেনে নিতে পারিনি।’
চমেক হাসপাতাল মেডিসিন বিভাগের প্রধান এম এ সাত্তার বলেন, বিষপানে অসুস্থ ইমনকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।





