বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের (ডিসি অফিস) রেকর্ড রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই রুমে রক্ষিত মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসন ধারণা করছে। ঘটনার কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার ( ৮ আগষ্ট) দুপুরে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের নিচ তলার উত্তর-পূর্বপাশে অবস্থিত রেকর্ড রুমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
সেখানে কর্তব্যরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম জানান, ভেতর থেকে ধোঁয়া বের হতে শুরু করলে আতঙ্ক দেখা দেয়। তাৎক্ষণিক বিষয়টি বগুড়া ফায়ার সার্ভিসে জানানো হলে সেখান থেকে দমকল বাহিনীর কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন। প্রায় ৪৫ মিনিট আগুন জ্বলে বলে উল্লেখ করেন তিনি।
বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মঞ্জিল হক জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়েই তিনিসহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেন।
যেহেতু ভেতরে মূল্যবান কাগজপত্র ও সরকারি নথি সংরক্ষিত ছিল একারণে যাতে ক্ষয়ক্ষতি কম হয় সেই দিক বিবেচনায় রেখে আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা হয়। তারপরও অনেক নথি পুড়ে গেছে।
তিনি বলেন, 'ওই ভবন বা আসবাবপত্রের তেমন কোনো ক্ষতি হয়নি; তবে নথিপত্র ও মূল্যবান কাগজ পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়।'
বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, 'ওই কক্ষে পুরাতন একটি বৈদ্যুতিক বোর্ড ছিল। দুদিনের টানা বর্ষণে সম্ভবত সেখান থেকে শর্ট সার্কিট তৈরি হয়ে আগুনের সূত্রপাত হয়।
এতে বেশকিছু কাগজপত্র ও নথি ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণ করতে অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে ফায়ার সার্ভিসের প্রতিনিধি, রেকর্ড রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা, গণপূর্ত বিভাগের প্রতিনিধি ও বিদ্যুৎ বিভাগের (নেসকো) প্রতিনিধি থাকবেন।'





