Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পঞ্চগড়ে নৌকাডুবিতে স্বজন হারানো পরিবারের সাথে জামায়াত আমিরের মতবিনিময়

admin • 17 Apr 2024, 12:58 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে নৌকাডুবিতে স্বজন হারানো পরিবারের সাথে জামায়াত আমিরের মতবিনিময়

মোঃ সিরাতুল মোস্তাকিম, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

২০২২ সালের ২৫ সেপ্টেম্বর পঞ্চগড়ের করতোয়া নদীতে স্মরণকালের ভয়াবহ নৌকাডুবিতে স্বজন হারানো পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১৬ এপ্রিল ) বিকেল সাড়ে পাঁচটায় বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, "নৌকাডুবির সময় আমি আপনাদের সাথে দেখা করে গিয়েছিলাম এবং আমি আপনাদের কথা দিয়েছিলাম আমি আবার আপনাদের সাথে দেখা করতে আসবো। এখান থেকে ফিরে যাওয়ার পর ১৫ মাস আমি জেলখানায় বন্দি ছিলাম। রমজানের একদিন আগে আমি মুক্তি পাই।আজকে আপনাদের দেখার জন্য এসেছি, আপনারা কেমন আছেন জানতে এসেছি।

জামায়াত আমির বলেন, আল্লাহর কাছে দোয়া করি যাতে তিনি আপনাদের মনকে বড় করে দেন, যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে দেন। আমি জানি আপনারা যারা স্বজন হারিয়েছেন তারা আর স্বজন ফিরে পাবেন না। যে বাবা হারিয়েছে সে আর বাবা ফিরে পাবে না, যে সন্তান মা হারিয়েছে সে আর মা ফিরে পাব না। যে মা তার সন্তান হারিয়েছেন সে আর তার সন্তান ফিরে পাবেন না, যে নারী তার স্বামী হারিয়েছে সে আর স্বামী ফিরে পাবে না। আপনাদের এই ক্ষতি পূরণ হবার নয়।

ডা. শফিকুর রহমান আরও বলেন, একটা মানুষ বিপদে পড়লে অন্যদের এগিয়ে আসতে হয়। এটাই মনুষ্যত্ব। আমি স্থানীয় নেতাকর্মীদের আপনাদের খোঁজ খবর নিতে বলেছি। এটা আমাদের নৈতিক দায়িত্ব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনারা জানেন আমারা একটা রাজনৈতিক দল। রাজনীতিক দল বলা হয় তাকে যারা সর্বোত্তম নীতি নিয়ে চলে, আর সর্বোত্তম নীতি হচ্ছে মানুষের জন্য কিছু করা। যে রাজনীতি মানুষের দুঃখে, আনন্দে শরিক হয় এটাই প্রকৃত রাজনীতি। যে রাজনীতি নিজের পকেট ভারি করে, ক্ষমতার মসনদে বসে সবকিছু নিজের আয়ত্তে আনতে চায় এটা রাজনীতি নয়, এটা অন্য কিছু। আমরা এই রাজনীতি চাই না। আমারা চাই আমারা মরে যাওয়ার পর কোন মানুষের আমাদের স্মরন করার দরকার নেই কিন্তু যাদের সাথে চলাফেরা করেছি তারা যেন বলে এই মানুষগুলো মন্দ মানুষ ছিলো না, খারাপ মানুষ ছিলো না, মানুষের সুখ দুঃখে পাশে ছিলো‌ এটাই আমারা চাই।"

মতবিনিময় সভায় পঞ্চগড় জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসেনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, রংপুর অঞ্চলের পরিচালক মাহবুবুর রহমান বেলাল, জেলা সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোসেন, পঞ্চগড় জেলা ছাত্র শিবিরের সভাপতি জুলফিকার রহমান, বোদা উপজেলা জামায়াতের আমির আব্দুল বাছেদ ও দেবীগঞ্জ উপজেলা জামায়াতের আমির আবুল বাশার বসুনিয়া প্রমুখ।

মতবিনিময় সভা শেষে করতোয়ার ভয়াবহ নৌকাডুবিতে স্বজন হারানো ৭২ টি পরিবারের সদস্যদের মাঝে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জনপ্রতি পাঁচ হাজার টাকা বিতরণ করেন।

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর নৌকাডুবির ঘটনাস্থল পরিদর্শন করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এসময় নিহতের স্বজনদের সাথে সাক্ষাৎ করে জনপ্রতি নগদ ৩০ হাজার টাকা করে মোট ২১ লক্ষ ৭০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।