Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পঞ্চগড়ে এক রাতে তিন প্রতিষ্ঠানে চুরি, আহত ২

admin • 16 Oct 2024, 07:08 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে এক রাতে তিন প্রতিষ্ঠানে চুরি, আহত ২

পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ভিন্ন তিন প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুই ব্যক্তি গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে দেবীগঞ্জ পৌরসভার সাহাপাড়া এলাকার সাহা হাসকিং মিল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পুরাতন বাসস্ট্যাণ্ড এলাকায় ইএসডিও'র শাখা অফিসে চুরির ঘটনা ঘটে।

সাহা হাসকিং মিলের সত্ত্বাধিকারী নন্দন কুমার সাহা ও তার ভাই সুব্রত কুমার সাহা জানান, প্রতিদিন রাতে আমিনুর ও লাবু নামে দুইজন রাতে পাহাড়া থাকেন। সকাল ৬টায় অন্যান্য কর্মচারীরা এলে তারা চলে যায়। আজ সকালে এসে সুব্রত কুমার সাহা চাতালে (চালকল) প্রবেশের মূল দরজায় এসে বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর লাবু এসে দরজা খুলে দেয়। এই সময় তার শরীরে রক্তের দাগ দেখা যায়। কিছু দূর এগিয়ে অফিসের দিকে গেলে সেখানে অফিসের দরজা খোলা ও আমিনুরকেও রক্তাক্ত অবস্থায় পান তিনি। তাদের এই অবস্থা দেখে দ্রুত বাসায় খবর দেওয়া হয়। পরে অফিসে গিয়ে আলমিরা ও সিন্ধুক ভাঙ্গা অবস্থায় পাওয়া যায়। যদিও সেখানে বড় অঙ্কের টাকা ছিল না বলে নিশ্চিত করেন তারা।

দুর্বত্তরা চাতালের বেশ কয়েকটি স্থানে থাকা সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন করে দেয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পশ্চিম-দক্ষিণ দিকের দেওয়াল টপকে তারা ভেতরে প্রবেশ করে।

এইদিকে একই রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের প্রশাসনিক ইউনিটের বারান্দার পশ্চিম দিকের জানালা ভেঙ্গে প্রবেশ করা হয় ভেতরে। সেখানে হিসাবরক্ষক ও কম্পিউটার অপারেটরের কক্ষের তালা ভেঙ্গে প্রবেশ করে দুইটি আলমিরা ও একটি কেবিনেট ভেঙ্গে ২৫ হাজার টাকা লুট করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এইদিকে গত রাতে স্বাস্থ্য কমপ্লেক্সের নৈশপ্রহরী অনুপস্থিত থাকায় দুর্বত্তরা সেই সুযোগকে কাজে লাগিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

একই রাতে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ইএসডি'ওর শাখা অফিসের জানালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আলমিরার তালা ভেঙ্গে ফেলা হয়। তবে সেখানে কোন টাকা ছিল না বলে নিশ্চিত করেন শাখা ব্যবস্থাপক কমলেশ রায়।

এইদিকে খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

দেবীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, মেসার্স সাহা হাসকিং মিলের সিসিটিভি ক্যামেরার ডিভিআর হেফাজতে নিয়েছি আমরা। দোষীদের গ্রেফতারে আমরা কাজ করছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।