মডেলিং ও অভিনয়ের পাশাপাশি এবার নতুন পরিচয়ে আসছেন তাশদিক নমিরা আহমেদ। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে শুরু করছেন ‘ঘুঙরু ড্যান্স একাডেমি বাই নমিরা’। রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত এই একাডেমিতে আগামী মাস থেকে শুরু হবে নাচের ক্লাস। প্রতি শুক্র ও শনিবার চলবে পাঠদান। ইতিমধ্যে ভর্তি কার্যক্রমের রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
২০১১ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন নমিরা। অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও পরিচিত তিনি। বুলবুল ললিতকলা একাডেমিতে নাচের প্রশিক্ষণ নেওয়ার পর ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত সেখানে শিক্ষকতাও করেছেন।
নমিরা জানান, তাঁর একাডেমিতে ক্লাসিক্যাল নাচের পাশাপাশি শেখানো হবে মডার্ন, ফোক ও ফিউশনসহ বিভিন্ন ধরনের নৃত্য। থাকবে নিয়মিত পড়াশোনা, কোর্স শেষে পরীক্ষা এবং উত্তীর্ণদের সনদ দেওয়ার ব্যবস্থা। শিশু-কিশোরদের পাশাপাশি সব বয়সী মানুষ এখানে নাচ শেখার সুযোগ পাবেন।
নমিরার মতে, নাচ শেখার জন্য বড় শিল্পী হওয়া কিংবা মঞ্চে পারফর্ম করার বাধ্যবাধকতা নেই। নাচ মানুষের মন ও শরীর ভালো রাখতেও সহায়ক। তাই যাঁরা এত দিন সুযোগের অভাবে নাচ শিখতে পারেননি, তাঁদের জন্যও নতুন সম্ভাবনার দুয়ার খুলতে চায় এই একাডেমি।





