নারায়ণগঞ্জ বন্দরে ট্রাক ও মিনি কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে হাসান (৩০) নামে কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। নিহত চালক হাসান বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার বাসিন্দা।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে বন্দর থানার মদনগঞ্জ টু মদনপুর সড়কের বন্দর রেললাইন বাসস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোরে বন্দর রেললাইন বাসস্ট্যান্ডের সামনে ট্রাক ও মিনি কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হাসান। পরে তাকে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৬টায় হাসান মৃত্যুবরণ করেন। দুর্ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি ও কর্ভাডভ্যানটি আটক করে।
বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, কভার্ডভ্যানটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের লোকজন আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





