তুরাগ নদের তীরে চলমান জোড় ইজতেমায় মো. শহিদুল ইসলাম (৬৫) নামে আরো এক মুসল্লির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি সিরাজগঞ্জ সদর থানার বাসিন্দা। এই নিয়ে জোড় ইজতেমার চার দিনে ৪ মুসল্লির মৃত্যু হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) বিকেলে তাবলীগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম)-এর মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, টঙ্গীর তুরাগ নদের তীরে চলমান পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমার চতুর্থ দিনে আমল করার সময় শহিদুল ইসলাম বুকে ব্যথা অনুভব করেন। পরে তার ছেলের মাধ্যমে আশুলিয়ার একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান।
আজ সোমবার ফজর বাদ ইজতেমা মাঠে মৃত ব্যক্তির জানাজা শেষে নিজ বাড়িতে নিয়ে যায় তার পরিবার।
মারা যাওয়া মুসল্লিরা হলেন সিরাজগঞ্জ সদর থানার মো. শহিদুল ইসলাম (৬৫), ফরিদপুর জেলার নগরকান্দা থানার দুলালী গ্রামের বাসিন্দা আব্দুল হাকিম আকন্দ (৭২), রংপুর জেলার কোতোয়ালি থানার বৌরাগীপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে হায়দার আলী (৩৫) ও দিনাজপুর সদর থানা শহরের মস্তপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে কাউসার আলী (২৮)।





