জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের মানুষের চাহিদার ভিত্তিতে তাদের প্রত্যাশা পূরণে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে এমপি পদে মনোনয়ন প্রত্যাশা ঘোষণা করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব এ কে এম ইহসানুল হক মঞ্জু।
শনিবার (১ নভেম্বর) বিকেলে মেলান্দহ উপজেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। সম্মেলনে জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় বিএনপি নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাবেক সচিব ইহসানুল হক মঞ্জু বলেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর থেকেই আমি মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। দুই উপজেলার রাস্তাঘাট, হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় ও নদীভাঙন প্রতিরোধে কাজ করেছি।
পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের জন্য বিভিন্ন দপ্তর থেকে আর্থিক অনুদানের ব্যবস্থাও করেছি। তিনি আরও বলেন, মানুষ আমার কাজকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। তাই জনগণের অনুপ্রেরণায় আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী হয়েছি। যদি দল আমাকে ধানের শীষ প্রতীক দেয়, আমি জনগণের ভোটে জয়ী হয়ে দুর্নীতি ও শোষণমুক্ত সমাজ গঠনে কাজ করবো।
নিজের অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে মঞ্জু বলেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদের সময়ে আমাকে নানা নির্যাতনের শিকার হতে হয়েছে। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়, এমনকি আমাকে ওএসডি করে পরে চাকরি থেকে বরখাস্ত করা হয়। বিএনপির আদর্শে অটল থাকার কারণেই এসব নির্যাতন সহ্য করেছি।
৫ আগস্টের পর আমাকে পুনর্বহাল করে সচিব পদে বকেয়া পদোন্নতিও দেওয়া হয়েছে। বর্তমানে তিনি অবসরে থেকে এলাকার উন্নয়ন ও মানুষের সেবায় কাজ করছেন বলে জানান। তিনি আশা প্রকাশ করেন, বিএনপি তাকে মনোনয়ন দিলে জনগণ তার পাশে থাকবে।





