Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে স্কুলশিক্ষকের ঘরে মেছোবিড়ালের ৬ বাচ্চা

admin • 09 Jan 2024, 08:55 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে স্কুলশিক্ষকের ঘরে মেছোবিড়ালের ৬ বাচ্চা

জামালপুরের দেওয়ানগঞ্জে এক স্কুলশিক্ষকের গোয়ালঘরে পাওয়া গেছে মেছোবিড়ালের ৬ বাচ্চা। মঙ্গলবার দুপুরে উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের কাঠারবিল এলাকার গোয়ালঘর থেকে বাচ্চাগুলো উদ্ধার করেন রাজন মিয়া নামের স্কুলশিক্ষক। এখনো বাচ্চাগুলো তাঁর কাছেই। স্থানীয় বনবিভাগ জানিয়েছে, মেছোবিড়ালের বাচ্চাগুলো উদ্ধার করা হবে।

 

আব্রাহাম সরকার ওরফে রাজন মিয়া জানান, দুপুরে তাঁর গোয়ালঘর মেরামত করার জন্য ভেঙে ফেলেন। ঘরের ভেতরে পাটখড়ি ছড়ানোর সাথে সাথেই বাঘের বাচ্চার মতো দেড় মাসের ৬টি বাচ্চা দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ছুটে আসেন তিনি।

 

রাজন মিয়া বাচ্চাগুলো উদ্ধার করে খাঁচায় আটকে রেখে বিভিন্ন বিভাগে যোগাযোগ করার চেষ্টা করেন। উপায় না পেয়ে ৯৯৯ ফোন করেন। তাদের সাহায্যে বন বিভাগে যোগাযোগ করলে বাচ্চাগুলো ছেড়ে দিতে বলেন।

 

মেছোবিড়ালের ৬ বাচ্চা নিয়ে ঝামেলায় পড়েছেন উল্লেখ করে রাজন মিয়া বলেন, ‘বাচ্চাগুলো ছেড়ে দিলে স্থানীয়রা মেরে ফেলবে। তাই ৯৯৯ এর মাধ্যমে বন বিভাগে যোগাযোগ করার চেষ্টা করি। জামালপুরে বন বিভাগের প্রাণী সংরক্ষণের জায়গা না থাকায় রাতের আঁধারে বাচ্চাগুলোকে ছেড়ে দিতে বলেছেন। আমি বাচ্চাগুলোকে উদ্ধার করে এখন বিপাকে পড়েছি।’

 

এ বিষয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সানোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ‘বাচ্চা রক্ষণাবেক্ষণের কাজ বন বিভাগের। বাচ্চাগুলোর যদি অসুখ হয়ে থাকে তাহলে আমরা চিকিৎসা দিতে পারব। তাছাড়া আমাদের কিছুই করার নেই।’

 

ময়মনসিংহ বিভাগীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক সাদেকুল ইসলাম খান বলেন, ‘বিষয়টি আমি জানি না, আপনার মাধ্যমেই জানতে পারলাম। খোঁজখবর নিয়ে অতি শিগগির বাচ্চাগুলোকে উদ্ধার করা হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।