ময়মনসিংহে স্ত্রীর প্রথম পক্ষের ছেলে দাবি করে টাকা না দেয়ায় বেল্টের আঘাতে একজনের মৃত্যুর হয়েছে। শনিবার (৩০ মার্চ) সকালে সদর উপজেলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া নেয়ামত মন্ডলের বাড়ির ফয়জুদ্দিনের ছেলে জুলকাস উদ্দিন (৫২) পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন। জুলকাসের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর ৩২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কালিবাড়ি এলাকায় খোরশেদা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন। খোরশেদার আগের সংসারে দুই ছেলে ছিল।
শনিবার সকালে খোরশেদা বেগমের ছোট ছেলে ফয়সাল মিয়া (২৫) মায়ের কাছে ১০ হাজার টাকা দাবি করে মারতে যান। এ নিয়ে ফয়সালের সঙ্গে তর্কে জড়ান জুলকাস। এ সময় ফয়সাল তার কোমড়ের বেল্ট দিয়ে মারতে গেলে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় জুলকাসের। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ফয়সাল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জুলকাসের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ আরও জানায়, জুলকাস ও ফয়সাল দু’জনই মাদকাসক্ত। ফয়সালের বিরুদ্ধে আগেও মাদক মামলা রয়েছে।





