Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ছিনতাই হওয়া স্বর্ণালংকারসহ অজ্ঞান পার্টির দুই সদস্য আটক

admin • 09 Apr 2024, 09:39 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ছিনতাই হওয়া স্বর্ণালংকারসহ অজ্ঞান পার্টির দুই সদস্য আটক

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের পর দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তদের সণাক্ত ও ছিনতাই করা স্বর্ণালংকারসহ দুই অজ্ঞান পার্টির সদস্যকে আটক করেছে পুলিশ।

ভুক্তভোগী বিউটি রানী ও পুলিশ সূত্র জানায়, গত ২৩ মার্চ বিউটি রানী সোনাহারের শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি লক্ষীরহাটের উদ্দেশ্যে ইজিবাইকে রওনা হন। সোনাহার থেকে দেবীগঞ্জে আসার পর তিনি লক্ষীরহাটে যাওয়ার উদ্দেশ্যে চৌরাস্তা এলাকায় অপেক্ষা করতে থাকেন।

 

এই সময় অজ্ঞাত এক ইজিবাইক চালক লক্ষীরহাট যাবেন বলে বিউটি রানীকে ডাক দেন। বিউটি রানী ইজিবাইকে উঠলে সেখানে প্রথম থেকেই একজন পুরুষ যাত্রী ছিলো এবং কিছু দূর যাওয়ার পর আরো দুইজন পুরুষ যাত্রীবেশে উঠেন। পথিমধ্যে করতোয়া সেতুর উপর ইজিবাইকটি আসলে যাত্রীদের একজন হুট করে ইজিবাইক থামিয়ে নিচে পড়ে থাকা একটি পার্স কুড়িয়ে নেয়। পরে পার্সটি খুললে তাতে টিস্যুতে মোড়ানো স্বর্ণের বার সদৃশ বস্তু ও একটি চিঠি পাওয়া যায়। সেখানে স্বর্ণের বারটিতে ৫ ভরি স্বর্ণ আছে বলে উল্লেখ করা হয়।

 

পরে ইজিবাইক চালকসহ উপস্থিত চারজনই স্বর্ণের বারটি নেওয়ার জন্য বিউটি রানীকে অনুরোধ করতে থাকেন এবং তাকে চিঠিটি পড়ার জন্য দেন। এই সময় বিউটিকে বুঝানো হয় যে তার সাথে থাকা স্বর্ণালঙ্কারের বদলে সে স্বর্ণের বারটি নিলে লাভবান হবে।

ভুক্তভোগী বিউটির গলায় তখন ১৪ আনা ওজনের গলার হার ও কানে ৭ আনা ওজনের ঝুমকা ছিল। চিঠিটি হাতে পাওয়ার কিছুক্ষণ পরে বিউটি চেতনা হারাতে থাকে এবং অবচেতন মনে গলার হার ও কানের ঝুমকা খুলে তাদের কাছে দিয়ে দেয়। পরে বিউটিকে সোনাপাতা-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নামিয়ে দিয়ে ইজিবাইকটি দ্রুত স্থান ত্যাগ করে।

ঘটনার পর বিউটি বিষয়টি তার পরিবারকে জানায় এবং দেবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে নীলফামারীর জলঢাকার ছয়ঘড়ি ও শৈলমারী এলাকা থেকে তুষার মাহমুদ ও কালা মাহমুদকে গ্রেফতার করে। এসময় তাদের থেকে ৬৯ হাজার টাকা, একটি গলার হার, দুই জোড়া বালা ও একজোড়া ঝুমকা উদ্ধার করা হয়।

বিউটি রানীর বাবা সুকাতু জানান, পুলিশ গলার হার উদ্ধার করতে পেরেছে। কানের ঝুমকা উদ্ধারে চেষ্টা চলছে বলে জানিয়েছে।

অজ্ঞান পার্টির সদস্য আটকের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখার মোকাদ্দেম বলেন, "গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিম রানীর ঝুমকা উদ্ধারেও চেষ্টা চলছে।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।