আর্থিক দৈন্যতার কাছে হার না মেনে শত বাধা বিপত্তির মাঝে খেলাধুলায় অন্যন্য প্রতিভার সাথে এগিয়ে যাচ্ছে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার খয়েরচারা গ্রামের ভ্যানচালক মামুন হোসেন ওরফে রাজুর মেয়ে শিশু রাবেয়া। প্রাইমারি লেভেল থেকে মাধ্যমিক পর্যন্ত বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী রাবেয়া পুরস্কার না নিয়ে বাড়িতে ফেরেনি।
ছোটবেলা থেকেই রাবেয়া ফুটবল, কাবাডি, হ্যান্ডবল, উচ্চ লাফ, ব্যাটমিনটন ও ক্রিকেটসহ বিভিন্ন খেলায় সমান পারদর্শী। আর্থিক ও সামাজিক নানা প্রতিবন্ধকতা কাটিয়ে ইতোমধ্যে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে সে।
জানা যায়, রাবেয়া ২০২০ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা (বাংলাদেশ শিশু একাডেমি কুষ্টিয়া) থেকে ১০০ মিটার মুক্ত সাঁতারে প্রথম স্থান, ২০২১ সালে মহিলা বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ব্যাডমিন্টনে প্রথম স্থান, শীতকালীন জাতীয় শিশু পুরস্কার-২০২২ এ আন্তঃস্কুল ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দেশের সেরা দ্বিতীয় স্থান অর্জন, ৫০তম আন্তঃস্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে (খুলনা ও বরিশাল বিভাগ) গোলাপ অঞ্চলের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উচ্চ লাফে প্রথম স্থান অর্জন, বাংলাদেশ আ্যথলেটিকস ফেডারেশন, শেখ কামাল আন্ত:স্কুল ও মাদরাসা আ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩, উচ্চলাফে তৃতীয় স্থান অধিকার করে রাবেয়া। এছাড়াও স্থানীয়ভাবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে অসংখ্য পুরস্কার জিতেছে শিশু রাবেয়া। বর্তমানে ৩৮ তম জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ঢাকায় অংশগ্রহণ করেছে শিশু রাবেয়া।
মঙ্গলবার রাবেয়ার বাড়িতে গেলে দেখা যায় পাটকাঠির বেড়া দেয়া জীর্ন ঘরে রাখা তার একাধিক পুরস্কার। সার্টিফিকেট ও মেডেল গুলো রাখার ভালো কোন জায়গা নেই ঘরে। এ সময় তার বাবা মামুন হোসেন ও মা ফরিদা খাতুনের সাথে কথা বললে জানান, তাদের তিন সন্তানের মধ্যে রাবেয়া সবার ছোট। ৭ বছর বয়স থেকেই সে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে। এবং কখনো পুরস্কার না নিয়ে বাড়িতে ফেরেনি রাবেয়া। আর্থিক অস্বচ্ছলতার কারণে অনেক সময় খেলার উপকরণ কিনে দিতে না পারলে আত্নীয় ও এলাকার মানুষ সহযোগিতা করেছেন। এছাড়াও স্কুলের শিক্ষকরা রাবেয়াকে অনেক সহযোগিতা করেন। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়াকে ব্যাডমিন্টন খেলার উপকরণের জন্য ইতিপূর্বে আর্থিক সহায়তা প্রদান করেছেন বলে জানান। রাবেয়া বর্তমানে কুমারখালী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
শিশু রাবেয়া মোবাইল ফোনে জানায়, সে বর্তমানে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ঢাকায় অবস্থান করছে। তার জীবনের একটাই স্বপ্ন ব্যাডমিন্টন খেলায় আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করে সাফল্যের সাথে বাংলাদেশের মুখ উজ্জ্বল করা।
রাবেয়ার অধ্যায়নরত স্কুলের প্রধান শিক্ষক সন্তোষ কুমার মোদক জানান, রাবেয়াকে দিয়ে বাংলাদেশের উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিচিত হচ্ছে। রাবেয়া ভবিষ্যৎ এ অনেক উচ্চপর্যায়ের খেলোয়াড় হবে বলে তিনি মন্তব্য করেন।





