শাহবাগ থানায় ছাত্রলীগ নেতাদের মারধরের ঘটনায় পুলিশের তদন্ত শেষ পর্যায়ে। আজ মঙ্গলবার প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি ৪০-৪২ জনের সাক্ষ্যগ্রহণ করেছে। এর মধ্যে প্রথমে সাময়িক বরখাস্ত ও পরে রংপুর বদলী হওয়া অতিরিক্ত পুলিশ সুপার হারুন-অর-রশীদ, এডিসি সানজিদা আফরিন, পরিদর্শক মো. গোলাম মোস্তফা রয়েছেন।
সেইসাথে এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রলীগ নেতা এবং ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও থানার প্রত্যক্ষদর্শীদেরও সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
জানা গেছে, তদন্তের মাধ্যমে মূলত ঘটনায় কার কী ধরনের ভূমিকা সেটি নিরূপণ করা হবে। প্রাথমিক তদন্তে সাধারণত শাস্তির সুপারিশ করা হয় না। কার বিরুদ্ধে কোন অপরাধ সেটি বলা হয়।
এরপর বিভাগীয় তদন্তে গিয়ে শাস্তির সুপারিশ করা হবে। তিন সদস্যের তদন্ত কমিটি মূলত কে কী কাজ করেছে এর পাশাপাশি কোন বিষয়টি শাস্তিযোগ্য, কোনটি শাস্তিযোগ্য নয়, সেগুলো বলবে।





