Thursday, 26 November 2026
শিরোনাম
মেলান্দহে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা উন্নয়ন সংঘের শিক্ষা, কৃষি ও কর্মসংস্থান কার্যক্রম পরিদর্শনে স্ট্রমি ফাউন্ডেশনের প্রতিনিধিরা মাইগ্রেনের ব্যথা সারাতে যুব মহিলা লীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি ৩ দিনে ৪ সন্তান প্রসব করলেন রোহিঙ্গা নারী বগুড়ায় উপজেলা বিএনপি কার্যালয়ে আগুন বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানার ঘোষণা ফকির সমিতির সভাপতির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে মরিয়া হুইল চেয়ারে বসে সভা-সমাবেশে অংশ নেয়া ব্রাহ্মণবাড়িয়ার লিখন স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী মাত্র ১৭ মাসে হাফেজ হলেন ১১ বছরের রাকিব ককটেল তৈরির সময় বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মীর মৃত্যু
সারা দেশ

উন্নয়ন সংঘের শিক্ষা, কৃষি ও কর্মসংস্থান কার্যক্রম পরিদর্শনে স্ট্রমি ফাউন্ডেশনের প্রতিনিধিরা

• • পঠিত 29 বার
শেয়ার করুন:
উন্নয়ন সংঘের শিক্ষা, কৃষি ও কর্মসংস্থান কার্যক্রম পরিদর্শনে স্ট্রমি ফাউন্ডেশনের প্রতিনিধিরা

শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা, নারীদের আয়বর্ধক উদ্যোগ, জলবায়ু সহিষ্ণু কৃষি ও বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের চিত্র দেখতে জামালপুরের দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন নরওয়েভিত্তিক দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের দেশি-বিদেশি প্রতিনিধিরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী উন্নয়ন সংঘের বাস্তবায়নাধীন সিডস প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তাঁরা। এ সময় শিশুদের পাঠদান পদ্ধতি, নারীদের স্বাবলম্বী হওয়ার উদ্যোগ, পরিবেশবান্ধব কৃষি চর্চা এবং কারিগরি প্রশিক্ষণ নিয়ে জীবিকা নির্বাহ করা তরুণ-তরুণীদের সঙ্গে কথা বলেন প্রতিনিধিদলের সদস্যরা।

প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সিডস প্রকল্পের আওতায় শিশুরা আনন্দমুখর পরিবেশে প্রাক-প্রাথমিক শিক্ষা গ্রহণ করছে। প্রাক-প্রাথমিক শিক্ষা শেষ করে আগামী জানুয়ারি মাসে এসব শিশুর প্রত্যেকে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হবে।

নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে প্রকল্পের আওতায় গড়ে তোলা হয়েছে বিভিন্ন দল। এর মধ্যে ‘শালিক’ নামের একটি দলের কার্যক্রম পরিদর্শন করেন প্রতিনিধিরা। দলটির সদস্যরা বাড়ির আঙিনায় সারা বছর বিভিন্ন মৌসুমি শাকসবজি চাষ, হাঁস-মুরগি পালন ও সঞ্চয় কার্যক্রম পরিচালনা করছেন। এসব উদ্যোগের মাধ্যমে তাঁরা পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয় করছেন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় গড়ে তুলছেন।

এ ছাড়া জলবায়ু সহিষ্ণু কৃষি কার্যক্রমের অংশ হিসেবে বাড়ির আঙিনায় জৈব সার ব্যবহার করে বিভিন্ন ফসল চাষের উদ্যোগ ঘুরে দেখেন প্রতিনিধিরা। এ সময় পেঁয়াজ, রসুন, মরিচ, লাউ ও বেগুনসহ ১৯ ধরনের ফসলের প্রদর্শনী প্লট পরিদর্শন করেন তাঁরা। পরিবেশবান্ধব পদ্ধতিতে এসব ফসলের চাষাবাদ সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত জানেন প্রতিনিধিদলের সদস্যরা।

বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও প্রকল্পের আওতায় বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মধ্যে মোবাইল ফোন সার্ভিসিং, মোটর মেকানিক ও সেলাই মেশিন পরিচালনার প্রশিক্ষণ উল্লেখযোগ্য। প্রশিক্ষণ নিয়ে অনেকে নিজ উদ্যোগে কাজ শুরু করে জীবিকা নির্বাহ করছেন। পরিদর্শনকালে প্রতিনিধিরা এসব তরুণ-তরুণীর সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের প্রশিক্ষণ, কাজের অভিজ্ঞতা ও বর্তমান অবস্থার কথা শোনেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্ট্রমি ফাউন্ডেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল টাইগাস টিঙ্গা, হেড অব দ্য লোকালাইজেশন ডিপার্টমেন্ট ভেন্ডা আতিম, কান্ট্রি ডিরেক্টর মিজানুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার চন্দন সরকার ও কনসালট্যান্ট রাবি শঙ্কর রাজি রতন। এ সময় উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদা, পরিচালক (মানবসম্পদ বিভাগ) জাহাঙ্গীর সেলিমসহ প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘মর্যাদাপূর্ণ ও টেকসই আর্থ-সামাজিক ক্ষমতায়ন’ বা Socio-Economic Empowerment with Dignity and Sustainability (SEEDS) প্রকল্পটি বাস্তবায়ন করছে উন্নয়ন সংঘ। এতে অর্থায়ন করছে নরওয়েভিত্তিক দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশন। ‘Fighting Poverty!’ স্লোগানে পরিচালিত প্রকল্পটি জামালপুর জেলার সদর, ইসলামপুর, মেলান্দহ ও দেওয়ানগঞ্জ এই চার উপজেলায় বাস্তবায়িত হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।