ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)’র কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেছেন, করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সত্ত্বেও অনেক দেশের তুলনায় আমরা অর্থনৈতিকভাবে বেশ ভালো অবস্থানে আছি। মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সারাবিশ্বে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।
শনিবার (১৭ জুন) সকালে প্রশাসন ভবনের তৃতীয় তলার সভা কক্ষে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন, ই-গভর্নেন্স ও ইনোভেশন বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় কোষাধ্যক্ষ এসব কথা বলেন।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আলমগীর হোসেন বলেন, ২০৪১ সালে স্মার্ট ও উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি।
কোষাধ্যক্ষ আরও বলেন, আমরা যদি প্রত্যেকে নিজ-নিজ জায়গা থেকে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালনে সক্ষম হই তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয় কাঙ্খিত লক্ষ্যে পৌঁছুতে পারবে বলে আমি বিশ্বাস করি।
উদ্বোধনীপর্বে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান বলেন, ডিজিটাল বাংলাদেশের দুইটা কম্পোনেন্ট, একটা হলো ক্যাশলেস সোসাইটি অন্যটি পেপারলেস অফিস। ক্যাশলেস সোসাইটির মাধ্যমে সমাজে ঘুষ নামক মহামারি চিরতরে বন্ধ হয়ে যাবে। তিনি জানান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ৯৪ শতাংশ কাজকর্ম এখন ই-নথির মাধ্যমে সম্পন্ন করে।
কর্মশালায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম. আলী হাসানের সভাপতিত্বে ও উপ-রেজিস্ট্রার (প্রশাসন) ও এপিএ বাস্তবায়ন টীমের ফোকাল পয়েন্ট চন্দন কুমার দাসের সঞ্চালনায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সিনিয়র সহকারী সচিব মোঃ জহিরুল ইসলাম, রবিউল ইসলাম ও মোঃ মামুন কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও অফিস প্রধানগণসহ বিভিন্ন অফিস ও বিভাগের কর্মকর্তাদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
যায়িদ/ইবি/ মিরর





