Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর ক্যাম্পাস

২০৪১ সালের উন্নত দেশ গড়ার কারিগর হতে হবে শিক্ষার্থীদের: এমপি জর্জ

admin • 18 Dec 2022, 06:36 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
২০৪১ সালের উন্নত দেশ গড়ার কারিগর হতে হবে শিক্ষার্থীদের: এমপি জর্জ

কুষ্টিয়া-৪ আসনের সংসদ-সদস্য (এমপি) ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে অবকাঠামো তৈরি করছেন তার ওপর দাঁড়িয়ে তোমাদেরকে উপরিকাঠামো তৈরির দায়িত্ব নিতে হবে। ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার কারিগর হতে হবে তোমাদের।

রবিবার (১৮ ডিসেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) খেলার মাঠে আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেলিম আলতাফ জর্জ বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক আগে থেকেই ক্রীড়া প্রতিযোগিতা হয়ে আসছে। এ ধরনের প্রতিযোগিতায় পারস্পরিক চেনাজানা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আমরা সমৃদ্ধ হয়েছি। তোমাদের এই বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকুক এই আশাবাদ ব্যক্ত করছি।

এদিকে, পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ-সদস্য (এমপি) ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম, আন্তঃবিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, অলিম্পিক পতাকা উত্তোলন করেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্পোর্টস ফেডারেশন (ফিসু)-এর পতাকা উত্তোলন করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, এই ডিসেম্বর মাস বাঙালির গৌরবের, শৌর্যবীর্যের। ১৯৭১ সালে প্রতিযোগিতা ছিল হারাবার। সেই লড়াইয়ে অনেক রক্তক্ষরণ হয়েছিল। ক্রীড়া প্রতিযোগিতায় হারজিত থাকবেই, কিন্তু কোনো রক্তক্ষরণ যেন না হয়। হারকেও জয়ের মানসিকতা দিয়ে মেনে নিতে হবে। এটাই ক্রীড়াচর্চার মাহাত্ম্য।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা ছিলাম মুক্তিযুদ্ধের প্রজন্ম, আর তোমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রজন্ম। এসময় তিনি সকলকে বিজয়ের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মাবিলা রহমান।

১৪টি বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদের ১৪টি এবং ছাত্রীদের ৮টি টীম এ ভলিবল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে । চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে আগামী ২১ ডিসেম্বর।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ছাত্রদের প্রথম খেলায় ইসলামী বিশ্ববিদ্যালয় ২-০ সেটে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয়েছে।

উল্লেখ্য, আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২২ গত ৩ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুরু হয় এবং ৬ ডিসেম্বর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।