জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বটতলা এলাকার দোকান মালিক ও কর্মচারীদের মাঝে শীতবস্ত্র হিসেবে হুডি বিতরণ করেছে জাবি শাখা ছাত্রশিবির।
গতকাল সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকার সকল দোকান মালিক ও কর্মচারীদের মাঝে এই হুডি বিতরণ কর্মসূচি পালিত হয়। এসময় দোকান মালিক ও কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় ও হুডি বিতরণ করেন জাবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মুহিব, প্রচার সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ।
প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন সাকি দ্য ডেইলি মিরর অফ বাংলাদেশকে বলেন, 'আমরা ইতোমধ্যে জাবি শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে মেয়েদের সবগুলো হল ও ছেলেদের প্রায় অধিকাংশ হলের কর্মচারী ও ডাইনিং বয়দের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি পালন করেছি। আজ বটতলার দোকানগুলোর মালিক ও কর্মচারীদের মাঝে ৫০টি হুডি বিতরণ করছি। এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি মাসব্যাপী চলমান থাকবে এবং আগামীতে ক্যাম্পাসে শীতের তীব্রতা বৃদ্ধি পেলে ভারী শীতবস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হবে।'
জাবি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মুহিব বলেন, 'আমরা শীতকালে শীতার্তদের স্বল্প সাহায্যের প্রয়াসে মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচী গ্রহণ করেছি। কম্বলের পাশাপাশি এখন হুডি বিতরণ করছি। এছাড়াও শিক্ষার্থী, কর্মচারী ও ক্যাম্পাসের বিভিন্ন উন্নয়নমূলক কাজে জাবি শাখা ছাত্রশিবির সর্বদা পাশে থাকবে, ইনশাআল্লাহ।'





