আগামী ১৩ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ ঝিনাইদহ জেলা শাখার সম্মেলনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার রাত ১০ টার দিকে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে এতে কয়েকশত নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কিছু অংশ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এতে শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মজুমদার, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য মেজবাহ হাসান, ছাত্রলীগ নেতা শাহিন, হাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, আসন্ন ঝিনাইদহ জেলা আ. লীগের সম্মেলনকে স্বাগত জানিয়ে ইবি ছাত্রলীগের পক্ষ থেকে আনন্দ করা হয়েছে। আশাকরি সম্মেলন সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন হবে।
প্রসঙ্গত, প্রায় সাড়ে সাত বছর পর আগামীকাল ১৩ নভেম্বর ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।





