পাচার করে ৫০০ বস্তা টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সার নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক জব্দ করেছে মানিকগঞ্জের শিবালয় থানা পুলিশ। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে শিবালয় উপজেলার আরিচা ঘাট থেকে ট্রাকটি জব্দ করা হয়। জব্দকৃত ট্রাক চালকের নাম মো. বাবুল হোসেন। তার বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ বাঠামারা এলাকায় এবং হেলপার মো. আসলামের বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার দড়িপাড়া গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ জেলার মুক্তারপুর এলাকা থেকে নীলফামারীর জলঢাকা উপজেলার মেসার্স রুস্তম অ্যান্ড সন্স -এর ডিলারের কাছে সার পাচার করছিলেন মুন্সিগঞ্জের এক সার বিক্রেতা। জব্দকৃত ৫০০ বস্তা সারের মূল্য প্রায় ৭ লাখ টাকা।
এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আরিচা ফেরিঘাট থেকে ৫০০ বস্তা সারসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। ওই সময় ট্রাকের চালক ও হেলপার দুজনকেই আটক করা হয়।
তাদের কাছে কোনো চালান, ভ্যাট ট্যাক্সের কাগজপত্র পাওয়া যায়নি। যেখানে সারগুলো নিয়ে যাওয়ার কথা তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারাও স্বীকার করছে না। চালক এবং হেলপারের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।





