পশ্চিমবঙ্গের মেদিনীপুরের জোড়া মসজিদে ১২৩তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে রাজবাড়ী স্টেশন থেকে ভারত গেল বিশেষ ট্রেন। ট্রেনটি ২৪ বগিতে ২ হাজার ২৫১ জন যাত্রী নিয়ে আজ বুধবার রাত ১০টায় ছেড়েছে।
জানা যায়, আগামী শনিবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মেদিনীপুর জোড়া মসজিদে হজরত আব্দুল কাদের জিলানীর (রা.) বংশধর হজরত আল বাগদাদী আল মেদিনীপুরী (আ.) মশহুর নাম মওলাপাক ওরশ অনুষ্ঠিত হবে। ওরশ শেষে ট্রেনটি রাজবাড়ী ফিরে আসবে সোমবার (১৯ ফেব্রুয়ারি)।
বাংলাদেশ-ভারত সরকার যৌথভাবে ১৯০২ সাল থেকে এই ওরশ স্পেশাল ট্রেনটি চলাচলের ব্যবস্থা করে আসছে। বড়পীর আব্দুল কাদের জিলানীর বংশধরের নৈকট্য লাভ, তাঁকে এক নজর দেখতে ও পুণ্য লাভের আশায় প্রতি বছর এই দিনে রাজবাড়ী থেকে ভারতের মেদিনীপুরে যান ভক্তরা। মেদিনীপুরের সঙ্গে মিল রেখে একইদিন রাজবাড়ীর বড় মসজিদ খানকা শরীফে হয় নানা আনুষ্ঠানিকতা হয়। পীরের স্থানীয় ভক্তরা সেই অনুষ্ঠানে যোগ দেন।
রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরিয়ার সাধারণ সম্পাদক আব্দুল আজিজ কাদেরী বলেন, মেদিনীপুরের এই ওরশে যোগদানের জন্য ভারতীয় সরকারের সুপারিশে ও বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ভারতীয় দূতাবাস বিশেষভাবে মেদিনীপুরের ভক্তদের ভিসা দিয়ে থাকেন। বছর বছর ধরে এই রেওয়াজ চলে আসছে।
রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত বলেন, বুধবার দুপুরে ভারত থেকে ২৪ বগির ট্রেন রাজবাড়ী এসে পৌঁছায়। রাত ১০টার দিকে রাজবাড়ী রেলস্টেশন থেকে ২ হাজার ২৫১ জন যাত্রী নিয়ে ট্রেনটি ছেড়ে যায়। ট্রেনের ভেতরের যেকোনো সমস্যা সমাধানে গার্ড, ইলেকট্রিশিয়ান, সহকারী নিয়োগ দেওয়া হয়েছে।





