সিরাজগঞ্জে করোনাকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্মিত একটি অস্থায়ী হাত ধোয়ার বেসিন ধসে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার শালুয়াভিটা হাটে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় চার শিশুকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলো—সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের চর শৈলাবাড়ি গ্রামের ফরিদুল ইসলামের শিশু পুত্র রায়হান এবং একই গ্রামের সজিব সেখের শিশু কন্যা সুমি। আহতরা হলো— একই গ্রামের মেনহাজের শিশু পুত্র আবির ও সামিদুলের শিশু কন্যা সানজিদা।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে চার শিশু শালুয়াভিটা হাটে হাত ধোয়ার জন্য করোনাকালে নির্মিত অস্থায়ী বেসিনটির ওপর উঠে খেলছিল। এ সময় হঠাৎ বেসিনটি ধসে পড়ে তারা নিচে চাপা পড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক রায়হান ও সুমিকে মৃত ঘোষণা করেন।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত দুই শিশুর পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম হাসপাতালে আহত শিশুদের দেখতে গিয়ে তাদের চিকিৎসা ব্যয় বহনের আশ্বাস দেন।





