গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়ায় পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে সদর উপজেলার রঘুনাথপুর এলাকার বুড়িমার গাছতলা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মিছিল দেওয়ার সময় টহল পুলিশের একটি দল এতে বাধা দিতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে মিছিলকারীরা পুলিশের গাড়িতে লাঠি-সোঁটা নিয়ে হামলা চালায় এবং গাড়ির গ্লাস ভাঙচুর করেন। এ সময় হামলাকারীদের লাঠির আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে। বিস্তারিত এ মুহূর্তে বলা যাচ্ছে না।





