অবকাশকালীন ছুটি শেষে আজ থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে শুরু হচ্ছে নিয়মিত বিচার কার্যক্রম। এক মাস ১০ দিন পর রোববার (২৫ অক্টোবর) খুলছে দেশের সর্বোচ্চ আদালত। তবে প্রথম দিন আপিল বিভাগের এক নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
গতকাল শনিবার সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবসে আজ সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্টের ইনার ইয়ার্ড প্রাঙ্গণে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এতে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে মিলিত হবেন।
এ অনুষ্ঠানের কারণে আপিল বিভাগের এক নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।





