Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সেই ১৪ এসএসসি পরীক্ষার্থী পেল প্রবেশপত্র

admin • 15 Feb 2024, 09:27 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
সেই ১৪ এসএসসি পরীক্ষার্থী পেল প্রবেশপত্র

শেরপুরের সেই ১৪ এসএসসি পরীক্ষার্থীকে প্রবেশপত্র দেওয়া হয়েছে। শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের বিশেষ অনুরোধে ১৪ শিক্ষার্থীকে গতকাল বুধবার রাতেই প্রবেশপত্র দেয় ময়মনসিংহ শিক্ষা বোর্ড। এতে ওই সব পরীক্ষার্থী ও তাদের পরিবারে স্বস্তি ফিরে এসেছে।

 

এর আগে শেরপুরের শ্রীবরদী উপজেলার গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয়ের ওই ১৪ পরীক্ষার্থী প্রবেশপত্র না পাওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামকে বিকেল থেকে তাঁর কক্ষে অবরোধ করে রাখে। এ সময় স্কুল মাঠে তারা বিক্ষোভ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।

 

স্থানীয়রা জানান, গতকাল বুধবার সকালে গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয়ে চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিতে যায় শিক্ষার্থীরা। বিকেলে ১৪ জন শিক্ষার্থীকে জানানো হয়, তাদের প্রবেশপত্র বোর্ড থেকে আসেনি। এ সময় শিক্ষার্থীরা কান্নাকাটি ও প্রতিবাদ করতে থাকে। জানাজানি হলে এলাকাবাসী ও অভিভাবকেরা গিয়ে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রেখে স্কুল মাঠে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে রাতে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।

পরে খবর পেয়ে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কন্ট্রোলারকে বিশেষ ব্যবস্থায় এসব শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করার জন্য অনুরোধ করেন। তাঁর অনুরোধে রাতেই শিক্ষা বোর্ডের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের প্রতিনিধি ও প্রধান শিক্ষকের হাতে প্রবেশপত্র হস্তান্তর করা হয়।

 

আফরোজ আলী নামে এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, ডিসি স্যার, বোর্ডের অফিসার ও ইউএনও স্যারদের আল্লাহ ভালো করুক।

 

প্রবেশপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন বলেন, ‘ডিসি স্যারের হস্তক্ষেপে এবং বোর্ড কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থায় সমস্যার সমাধান হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। পরবর্তীতে ওই স্কুলের প্রধান শিক্ষকসহ যারা এ জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।