Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

সীমান্তে ভারতীয় নাগরিক আটক

admin • 26 Sep 2024, 04:57 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সীমান্তে ভারতীয় নাগরিক আটক

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে জেলার ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার সীমান্তের এলাকার ভোটহাট বাজার থেকে তাকে আটক করা হয়।

 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন। আটক মোজাফফর হোসেন (৪৮) পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সাহেবগঞ্জ উপজেলার মাদারগঞ্জ এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

 

বিজিবি সুত্রে জানা গেছে, বুধবার রাতে লালমনিরহাট বিজিবির আওতাধীন বাগভান্ডার বিওপির সীমানা পিলার ৯৫৭ এর কাছে দিয়ে দুই ভারতীয় নাগরিক অনুপ্রবেশ করে।

 

তারা বাংলাদেশের ৬০০ গজ ভেতরে ভোটহাট বাজারে ঘোরাফেরা করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে ভাগভান্ডার বিওপি ক্যাম্পের একটি টহল দল সেখানে অভিযান চালায়।

 

এসময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে একজন দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়, অপরজনকে আটক করে বিজিবি। প্রাথমিকভাবে তিনি দাবি করেন ঔষধ কিনতে বাংলাদেশি বাজারে এসেছে।

 

পরে বিজিবি সদস্যরা ভারতীয় নাগরিক মোজাফফরকে ভুরুঙ্গামারী থানায় হস্তান্তর করেন।

 

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসিফুল ইসলাম সিদ্দিকী ভারতীয় নাগরিককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ওসি রুহুল আমিন জানান, অনুপ্রবেশের দায়ে আটক ভারতের নাগরিকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক আয়শা সিদ্দিকা তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।