প্রত্যেক সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। বুধবার বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলীয় সংসদ সদস্যদের এ নির্দেশনা দেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান। এতে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন।
জানা গেছে, সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের পরিচালনায় সভার মূল মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন।
বৈঠকে অংশ নেওয়া সংসদ সদস্যরা জানান, সভায় দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোশাকশিল্পের অবস্থা এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
গত ৯ নভেম্বর সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর আগে সরকারি দলের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। চলতি অধিবেশনে এটি সরকারি দলের দ্বিতীয় সংসদীয় দলের বৈঠক।
সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আজ সংসদের চতুর্থ অধিবেশন শেষ হওয়ার কথা রয়েছে।





