যশোরের শার্শায় সমাবেশকে কেন্দ্র করে বিএনপি দু’গ্রুপের মধ্যে বোমাবাজি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, পূর্ব থেকে উত্তেজনা ছিল। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণ রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা গেছে, শার্শা উপজেলা বিএনপির একাংশ নেতারা আজ বিকেল ৩টায় নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করে। এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।
প্রতিপক্ষ গ্রুপও একই মাঠে সমাবেশের ঘোষণা দেয়। গতকাল থেকেই এ নিয়ে গোড়পাড়া এলাকায় উত্তেজন বিরাজ করছিলো। এ কারণে সকাল থেকে সমাবেশ স্থলে পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু দুপুর ১টার দিকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান জহির গ্রুপ মফিকুল ইসলাম তৃপ্তি গ্রুপের সমাবেশ মঞ্চে হামলা চালায়। এ সময় তারা সমাবেশ মঞ্চ ও চেয়ার টেবিল ভাঙচুর করে।
একইসঙ্গে অন্তত ১২টি ককটেল বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। মফিকুল ইসলাম তৃপ্তি গ্রুপের নেতাকর্মীদের দাবি হামলায় তাদের সাতজন নেতাকর্মী আহত হয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, সমাবেশকে কেন্দ্র করে পূর্ব থেকে উত্তেজনা ছিল। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণ রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





