লক্ষ্মীপুরে ঋণ দেয়ার কথা বলে গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও হয়েছে সাউথ প্যাসিফিক বিজনেস ডেভেলপমেন্ট নামের একটি এনজিও সংস্থা।
রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে টাকা ফেরত পেতে লক্ষ্মীপুর পৌর শহরের ৮ নং ওয়ার্ডের লামচরী গ্রামে ওই এনজিও কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানায় গ্রাহকরা।
গ্রাহকদের অভিযোগ- সদর উপজেলার ৩শ গ্রাহক থেকে প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নিয়ে যায় সংস্থাটি। কোনো রশিদ ছাড়াই শুধুমাত্র ভিজিটিং কার্ড ডকুমেন্টস হিসেবে গ্রাহকদের দেয় তারা।
এসময় গ্রাহকরা জানায়, গত (১ ফেব্রুয়ারি) ভাড়া বাসা নিয়ে এনজিওর অফিস করেন আব্দুল আসাদ রাসেলসহ অপরিচিত কয়েকজন ব্যক্তি। সব গ্রাহককে রোববারে টাকা দেয়ার কথা বলে এর আগেই লাপাত্তা তারা। ভিজিটিং কার্ডে দেয়া নম্বর এবং বাসার মালিকের নম্বরে যোগাযোগ করলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।
লক্ষ্মীপুর শহর ফাঁড়ি থানার এসআই অখিল পোদ্দার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। গ্রাহকদের অভিযোগ অনুযায়ী তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা নিবো।





