দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মঙ্গলবার দুপুর ১২টায় প্রতিমন্ত্রী পলক দলীয় কার্যালয় থেকে রিকশাযোগে সিংড়ার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান এবং ভারপ্রাপ্ত ইউএনও আল ইমরানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে আবার একই রিকশায় ফিরে যান।
পরে পৌরসভার কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ভয় দিয়ে নয় বিনয় দিয়ে জয়।
পলক আরও বলেন, বিগত ১৫ বছরে যে উন্নয়ন ও সুশাসন উপহার দিয়েছি- আমার বিশ্বাস ১১৮টি সেন্টারেই নৌকার বিজয় হবে ইনশাআল্লাহ। শুধু প্রতিবেশীদের হক আদায়, ধর্মীয় ও সামাজিক দায়িত্ব পালন করা- এই তিনটি দায়িত্ব পালন করলেই সে একজন আদর্শ রাজনৈতিক কর্মী।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান, সহ-সভাপতি জাহেদুল ইসলাম ভোলা, অ্যাডভোকেট জিল্লুর রহমান, আওয়ামী লীগ নেতা বিশ্বনাথ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, মাওলানা রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।





