Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

রাতে পিঠা খেয়ে ঘুমিয়ে পড়েন মা-ছেলে অতঃপর.....

admin • 25 Feb 2024, 01:03 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
রাতে পিঠা খেয়ে ঘুমিয়ে পড়েন মা-ছেলে অতঃপর.....

চট্টগ্রাম নগরীতে নিজ বাসা থেকে পঞ্চাশোর্ধ এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর পাঁচলাইশ থানার নাজিরপাড়া এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

নিহত নারীর নাম মঞ্জু দেবী (৫২)। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা। তিনি ছেলে উত্তম দেবকে (৩২) নিয়ে নাজিরপাড়ার বাসায় ভাড়া থাকতেন।

পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-উত্তর) পঙ্কজ চক্রবর্তী জানান, শুক্রবার রাতে ঘরে বানানো পিঠা খেয়ে মা ও ছেলে ঘুমিয়ে পড়েন। উত্তম জানিয়েছে, পিঠা খাওয়ার পর থেকেই তার একটু তন্দ্রাভাব লাগছিল। বিছানায় যাবার পর গভীর ঘুমে তলিয়ে যান। সেই ঘুম ভাঙে আজ (শনিবার) বিকেল সাড়ে চারটার দিকে। ঘুম থেকে উঠে দেখেন, তার মা পাশেই মৃত অবস্থায় পড়ে আছেন। পরে তিনি পুলিশকে খবর দেন।’

এডিসি পঙ্কজ চক্রবর্তী বলেন, ‘মঞ্জু দেবীর গলায় শ্বাসরোধের চিহ্ন আছে। গলা টিপে তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। কারা খুন করতে পারে, সেটা তদন্ত চলছে। পিঠা খাওয়ার পর তার মা-ও তন্দ্রাচ্ছন্ন হয়েছিলেন কিনা, কেউ পিঠার মধ্যে কিছু মিশিয়েছিল কিনা, বাসার দরজা ঠিকভাবে বন্ধ করা হয়েছিল কিনা, এসব বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।