ধুমধাম করে চলছে বিয়ের আয়োজন। বরপক্ষ ও কনেপক্ষের হইচইয়ে বিয়েতে চিরায়ত সেই উৎসবের আমেজ। এর মধ্যেই একজন বললেন, রসগোল্লা তো নেই! আর সে কথা শুনেই দুই পক্ষের মধ্যে লেগে গেল হট্টগোল। শুরু হলো মারামারি। তাতে আহত হন ৬ জন।
ভারতের উত্তর প্রদেশের শামসাবাদ এলাকায় গত রোববার মধ্যরাতে এক বিয়েবাড়িতে এই ঘটনা ঘটে। সোমবার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এদের অবস্থা শঙ্কামুক্ত। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, উত্তর প্রদেশের শামসাবাদের ব্রিজবান খুশওয়া এলাকায় বিয়ের আয়োজন ছিল। এতে দুই পক্ষ শুরুতে হাসিখুশিই ছিল। তবে একজন যখন বলেন, রসগোল্লা কম পড়েছে, তখনই মারামারি লেগে যায়।
শামসাবাদ থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা অনিল শর্মা জানান, এর আগে গত বছরের অক্টোবর মাসেও এই এলাকার এতমাদপুরে এক বিয়েবাড়িতে মিষ্টি নিয়ে ঝগড়া হয়। সেই বিয়েতে মিষ্টি কম হয়েছিল। আর সে কারণে লেগে যায় মারামারি। তাতে একজনের প্রাণও গিয়েছিল।





