রাজধানীতে যানবাহনে অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন, উচ্চ শব্দ সৃষ্টিকারী হর্ন, হুটার ও বিকন লাইট ব্যবহার বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ১ ডিসেম্বরের মধ্যে এসব সরঞ্জাম অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে চলাচলকারী কিছু যানবাহনে অনুমোদন ছাড়াই হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট সংযোজন এবং ব্যবহার করা হচ্ছে। এসব সরঞ্জামের অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে তীব্র শব্দদূষণ সৃষ্টি হচ্ছে। এতে নগরবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। পাশাপাশি সড়কে স্বাভাবিক ট্রাফিক ব্যবস্থাপনাও ব্যাহত হচ্ছে।
ডিএমপি জানায়, অতিরিক্ত ও বিকট শব্দের কারণে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক বিরূপ প্রভাব পড়ছে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১ ডিসেম্বরের আগেই সংশ্লিষ্ট যানবাহনের মালিক ও চালকদের নিজ দায়িত্বে এসব অননুমোদিত সরঞ্জাম অপসারণ করতে হবে।
নির্ধারিত সময়ের পর কোনো যানবাহনে অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন বা বিকন লাইট সংযোজিত অবস্থায় পাওয়া গেলে কিংবা এসব সরঞ্জাম ব্যবহার করতে দেখা গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।





