জামালপুরের মেলান্দহ উপজেলায় এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে সামাজিক সংগঠন ‘ভালো কাজের হোটেল’| বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার বয়রাডাঙ্গা তালুকদারপাড়া এলাকার মুহাম্মদিয়া হিফজুল কুরআন নুরানী মাদরাসা ও এতিমখানায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষক এবং এলাকার প্রবীণ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে সংগঠনটির প্রতিনিধি সরকার জাকিরুল ইসলাম ও ভলান্টিয়ার মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। এ সময় তারা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইফতার সামগ্রী বিতরণে অংশ নেন।
সরকার জাকিরুল ইসলাম বলেন, পবিত্র রমজান মাসে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে ইফতার ভাগাভাগি করতে পেরে তারা আনন্দিত। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের সংগঠনের মূল লক্ষ্য।
জানা যায়, রমজান মাসের শুরু থেকেই ‘ভালো কাজের হোটেল’ এর উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে এতিম ও অসহায় মানুষের জন্য ইফতার আয়োজনসহ নানা সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ইফতার পেয়ে মাদরাসার শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন। এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
ইফতারের পূর্ব মুহুর্তে দেশ, জাতি, মাদ্রাসা ও উপস্থিত সবার মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতও পরিচালনা করা হয়।





