নওগাঁয় শেখ হাসিনার ফিরে আসা নিয়ে হঠাৎ একটি মাইকিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটির সত্যতা স্বীকার করেছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।
তিনি জানান, গতকাল মান্দা উপজেলার শেষ সীমানায় কামারপাড়ার কাছাকাছি এ মাইকিংয়ের ঘটনা ঘটে। একটি অটোরিকশায় করে খুব অল্প সময়ের জন্য মাইকিং করা হয়। এরই মধ্যে মাইকিংয়ের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। খুব দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে বলেও জানান ওসি।
ওসি আরও জানান, ঘটনার পর মান্দা আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- উপজেলার নবগ্রাম তালপাড়া গ্রামের ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল জলিল সরকার (৫০) এবং কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম শহীদ (৪৩)।
প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে মাইকিংয়ের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে প্রচার করা হয়। একই সঙ্গে শেখ হাসিনাকে স্বাগত জানানোর আহ্বানও জানানো হয়।





