Friday, 23 October 2026
শিরোনাম
সারা দেশ

স্ত্রীকে হত্যা করে প্রেমিকাকে নিয়ে উধাও স্বামী

• • পঠিত 2 বার
শেয়ার করুন:
স্ত্রীকে হত্যা করে প্রেমিকাকে নিয়ে উধাও স্বামী
ছবি সংগৃহিত

মাদারীপুরের ডাসারে পুতুল সমাদ্দার (৫১) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী অরুণ সমাদ্দারের বিরুদ্ধে। স্বামীর পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। ঘটনার পর থেকে অরুণ সমাদ্দার ও তার কথিত প্রেমিকা সারথী দে পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে উপজেলার ডাসার ইউনিয়নের ধামুসা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত পুতুল সমাদ্দার ধামুসা গ্রামের পুলিন নাগের মেয়ে। অভিযুক্ত অরুণ সমাদ্দার একই গ্রামের মৃত জিতেন সমাদ্দারের ছেলে।

 

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, অরুণ সমাদ্দারের সঙ্গে একই গ্রামের গৃহবধূ সারথী দের দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করে আসছিলেন পুতুলের পরিবারের সদস্যরা। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ হতো। বৃহস্পতিবার সকালে এ বিষয় নিয়ে তাদের মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রান্নাঘরে দুজনের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পুতুলের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ দেখতে পান। এরপর পুলিশকে খবর দেয়া হয়।

নিহতের বড় বোন পুষ্পা রাণী অভিযোগ করে বলেন, ‘আমার বোনজামাই অরুণের চরিত্র ভালো ছিল না। একই এলাকার সারথী নামে এক গৃহবধূর সঙ্গে তার পরকীয়া সম্পর্ক ছিল। এমনকি ওই নারীকে বাড়িতেও নিয়ে আসতেন। এ নিয়ে আমার বোন প্রায়ই প্রতিবাদ করতেন। সেই বিরোধের জেরেই আমার বোনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।’

 

তিনি অরুণ ও তার কথিত প্রেমিকার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

 

এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।