Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

মেলান্দহে খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির শোক সভা ও দোয়া মাহফিল

admin • 04 Jan 2026, 10:41 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
মেলান্দহে খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির শোক সভা ও দোয়া মাহফিল

গণতন্ত্র পুনরুদ্ধারের আপোষহীন নেত্রী, বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় জামালপুরের মেলান্দহে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (৪ জানুয়ারি ) বিকেলে মেলান্দহ উপজেলা পাবলিক অডিটোরিয়াম মাঠে মেলান্দহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং হাজরবাড়ী পৌর বিএনপির যৌথ আয়োজনে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ও জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল।

 

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার এক অবিসংবাদিত নেত্রী। স্বৈরশাসনের বিরুদ্ধে আপোষহীন অবস্থান নিয়ে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর নেতৃত্ব ও রাজনৈতিক আদর্শ বিএনপির প্রতিটি নেতাকর্মীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

 

তিনি আরও বলেন, দেশনেত্রীর দেখানো পথ অনুসরণ করেই বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করবে। তাঁর ত্যাগ ও সংগ্রামী জীবন ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শোক সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মেলান্দহ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মুঞ্জুরুল কবীর মঞ্জু। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, সহসভাপতি আলহাজ এম. রফিকুল ইসলাম রহিম, দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান এবং শ্যামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিসান খান।

 

দোয়া মাহফিলে মেলান্দহ উপজেলার ১১টি ইউনিয়ন ও দুটি পৌরসভার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

 

পাশাপাশি আলেম-ওলামা ও মাদ্রাসার শিক্ষার্থীরাও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। বিশেষ মোনাজাত পরিচালনা করেন জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি সামছুদ্দীন।

 

মোনাজাতে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা, জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের জন্য ধৈর্য ও শক্তি কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। অনুষ্ঠানটি শোকাবহ ও ভাবগম্ভীর পরিবেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।