পরিবেশ সুরক্ষা ও আইন বাস্তবায়নের লক্ষ্যে জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (৪ জানুয়ারি ) সকাল থেকে বিকাল অব্দি উপজেলার নয়ানগর ও ফুলকোচা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যৌতি এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ও থানার পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। জরিমানাকৃত ইটভাটাগুলো হলো, বুরুঙ্গা এলাকার মেসার্স বাদশা ব্রিকস ও কে.এম.এম ব্রিকস, পশ্চিম বুরুঙ্গার এ.বি.বি ব্রিকস, ফুলকোচা দক্ষিণপাড়ার নূর ব্রিকস এবং চর আদিয়ারপাড়ার মা ব্রিকস।
অভিযানকালে এসব ইটভাটা ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)’ এর ৫(২) ধারা লঙ্ঘন করে অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করছে। এ অপরাধে সংশ্লিষ্ট আইনের ১৫(১) (খ) ধারায় পাঁচটি ইটভাটাকে মোট ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যৌতি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বার্থ নিশ্চিত করতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইন অমান্যকারীদের ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, আইন মানা ও পরিবেশ সুরক্ষায় উপজেলা প্রশাসন অঙ্গীভূত। জনস্বার্থে সকল ধরনের অবৈধ কার্যক্রম কঠোরভাবে বন্ধ করা হবে।





