কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধি ঃ কুষ্টিয়ার কুমারখালীতে পানিতে ডুবে ১২ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর গ্রামে রোববার দুপুরে এই ঘটনা ঘটে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করলে তাকে জীবিত করার জন্য নানা পন্থা অবলম্বন করেন স্বজনরা।
নিহত হয়েছে নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর গ্রামের আতাহার মন্ডলের ছেলে সিয়াম মন্ডল (১২)।
নিহতের চাচা আক্তার মন্ডল জানান, তার ভাই আতাহার মন্ডল ঢাকাতে বাস করেন। কয়েকদিন আগে তার ভাই স্বপরিবারে তার বাড়িতে বেড়াতে আসেন। রোববার সকাল ৮ টার দিকে তার ভাতিজা সিয়াম সকলের অগোচরে বাড়ি থেকে বের হয়ে যায়। পরবর্তী অনেক খোঁজাখুঁজির পর দুপুর ১২ টার দিকে পার্শ্ববর্তী পুকুরে সিয়ামের অর্ধ ভাসমান দেহ তার স্ত্রী দেখতে পান। এসময় সিয়ামকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কুমারখালী থানায় ইউডি মামলা হয়েছে।





