জামালপুরের মাদারগঞ্জে পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে চর পাকেরদহ ইউনিয়নের নিশ্চিতপুর এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দুপুরে পুকুরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তারা ভাসমান অবস্থায় নবজাতকের মরদেহ দেখতে পান। বিষয়টি জানাজানি হলে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নবজাতকটি জন্মের এক থেকে দুই দিনের মধ্যে পুকুরে ফেলে দেওয়া হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শিশুটির পরিচয় শনাক্তকরণ এবং ঘটনার রহস্য উদঘাটনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





